শনিবার, ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

টস জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে। টস জিতে আগে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

দুই দলের কেউই গত ছয় মাস টেস্ট খেলেনি। পাকিস্তান এসেছে টি-টোয়েন্টি আর পিএসএলের ব্যস্ততা সেরে। আর বাংলাদেশ ২০২৬ সালে অন্য দুই ফরম্যাটে এখন পর্যন্ত কোনো সিরিজ হারেনি। এই রেকর্ড নিয়ে এবার টেস্টে পা রাখছে স্বাগতিকরা।

বাংলাদেশের শক্তি এবার পেস আক্রমণে। নাহিদ রানার নেতৃত্বে তাসকিন আহমেদও ফিরেছেন দলে। যে কারণে মিরপুরের উইকেটে কিছুটা বাড়তি ঘাস রাখা হয়েছে।

এই ঘাসের কারণেই হয়তো, পাকিস্তান টস জিতে দুবার ভাবেনি। তাজা ঘাসে পেস বোলিংয়ের সুবিধা নিতে বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে।

তবে মিরপুরের এই উইকেট দিন গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনারদের জন্যও সহায়ক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

এই সিরিজে বাংলাদেশের অনুপ্রেরণা ২০২৪ সালের পাকিস্তান সফর। সেই সফরে রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচেই জিতেছিল বাংলাদেশ, পাকিস্তানকে দিয়েছিল হোয়াইটওয়াশের তেঁতো স্বাদ। সেই কীর্তির পুনরাবৃত্তি এবার দেশের মাটিতে ঘটাতে চায় বাংলাদেশ।

শেয়ার করুন