সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের আগে কিউই শিবিরে অসুস্থতার ধাক্কা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি চললেও নিউজিল্যান্ড শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে একাধিক খেলোয়াড়ের শারীরিক সমস্যায়। বর্তমানে ভারত সফরে থাকা দলটির দুই অভিজ্ঞ ব্যাটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড দলের প্রধান কোচ রব ওয়াল্টার।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ওয়াল্টার জানান, অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রাচিন ও কনওয়েকে পাওয়া যাবে না। একই ম্যাচে খেলবেন না ওপেনার ফিন অ্যালেনও। কাঁধের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তাকে বাড়তি সতর্কতা হিসেবে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

কোচ ওয়াল্টার বলেন, সফরের সময় এ ধরনের শারীরিক জটিলতা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। রাচিনের অবস্থা কিছুটা খারাপ হলেও ধীরে ধীরে সবাই উন্নতির দিকে যাচ্ছে। আশা করা হচ্ছে, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই আক্রান্ত খেলোয়াড়রা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

ভারত সফরে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। ওই সিরিজে কাফ ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। তবে কোচের প্রত্যাশা, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রেসওয়েল ও ফিন অ্যালেন—দুজনকেই দলে পাওয়া যাবে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কিউইরা।

দলের আরেক অলরাউন্ডার জিমি নিশামও বর্তমানে অসুস্থতায় ভুগছেন। অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত পেসার লকি ফার্গুসন। অ্যাডাম মিলনের অনুপস্থিতিতে বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে ফার্গুসনকে বলে জানান ওয়াল্টার।

তিনি বলেন, বিশ্বকাপের জন্য ফার্গুসন কঠোর পরিশ্রম করেছে এবং ধীরে ছন্দে ফেরার কথা বললেও ইতোমধ্যে ঘণ্টায় প্রায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করছে। কোচের ভাষ্য, এটাকেই যদি সে ধীরগতির শুরু মনে করে, তবে আসল পারফরম্যান্স দেখার আগ্রহ আরও বেড়ে গেছে।

শেয়ার করুন