কোচ শুকরি কনরাডের অধীনে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। আর সেই জয়ের মঞ্চটা হলো ২২২ রানের বিশাল লক্ষ্য সফলভাবে তাড়া করার এক রোমাঞ্চকর রাত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সুপার স্পোর্ট পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে ও ১৫ বল হাতে রেখে হারায় স্বাগতিকরা। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
ঐতিহাসিক এই জয়ের নায়ক কুইন্টন ডি কক। ৪৩ বলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান বাঁহাতি এই ওপেনার। প্রায় তিন বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ফিরেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। ডি ককের ব্যাট থেকে আসে ৪৯ বলে বিধ্বংসী ১১৫ রান, যেখানে ছিল ১০টি ছক্কা ও ৪টি চার। পুরো ইনিংসে মাত্র ৮টি ডট বল খেলেন তিনি।
ডি ককের সঙ্গে সমানতালে ঝড় তোলেন রায়ান রিকেলটন। ৩৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৭ রান করেন তিনি, যা জয়ের পথ আরও সহজ করে দেয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২২১ রান। দলের হয়ে ব্রেন্ডন কিং করেন ৩০ বলে ৪৯ রান। সিমরন হেটমায়ার ৪২ বলে খেলেন ৭৫ রানের ইনিংস। শেষদিকে শেরফান রাদারফোর্ড ২৪ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন দ্রুতগতির ৫৭ রান।
তবে তাদের এই বড় সংগ্রহও থামাতে পারেনি ডি কক–রিকেলটন জুটির বিধ্বংসী ব্যাটিং, যা শেষ পর্যন্ত সিরিজ জয়ের আনন্দ এনে দেয় দক্ষিণ আফ্রিকাকে।





