শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে বিসিবির ই-মেইল

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ‘নিরাপত্তাজনিত কারণে’ আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে পরিস্থিতি তীব্র হয়। বিসিবি গতকাল (শনিবার) থেকে শুরু হওয়া উত্তেজনার প্রেক্ষিতে আজ (৪ জানুয়ারি) আইসিসিকে একটি ই-মেইল পাঠিয়েছে। ওই চিঠিতে সরাসরি উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। পাশাপাশি, ভেন্যু বদলানোর দাবিও করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটে গতকাল শনিবার। আগে থেকেই বিসিসিআইয়ের ওপর চাপ ছিল যাতে বাংলাদেশি কোনো ক্রিকেটার আইপিএলে খেলতে না পারে। সেই চাপের প্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা পাঠানো হয় মোস্তাফিজকে আর খেলানো যাবে না বলে।

এ ঘটনায় বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে শনিবার রাতেই বিসিবির ১৭ সদস্যের পরিচালনা পরিষদ জরুরি বৈঠকে বসে। বৈঠকে চলতি পরিস্থিতি এবং আইপিএল পরিস্থিতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ভারতে শুরু হওয়ার কথা। সূচি অনুযায়ী, শুধুমাত্র পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে নেয়, তবে লিটন দাসের নেতৃত্বাধীন দলও শ্রীলঙ্কাতেই তাদের ম্যাচ খেলার সুযোগ পেতে পারে।

শেয়ার করুন