আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা জাতীয় দলের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে লাসিথ মালিঙ্গাকে নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। স্বল্পমেয়াদি এই চুক্তির মাধ্যমে জাতীয় দলের বোলারদের পারফরম্যান্স উন্নয়নে কাজ করবেন সাবেক এই তারকা পেসার।
এসএলসি জানিয়েছে, মাত্র এক মাসের জন্য মালিঙ্গার সঙ্গে চুক্তি করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে তার চুক্তি কার্যকর হবে এবং ২৫ জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কার জাতীয় দলের পরিকল্পনায় থাকা পেস বোলারদের নিয়ে কাজ করবেন তিনি।
যদিও কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব বেশি নেই মালিঙ্গার, তবে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বল হাতে তার অসাধারণ সাফল্য রয়েছে। সেই অভিজ্ঞতাকেই জাতীয় দলের উন্নয়নে কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে বোলিং—এই গুরুত্বপূর্ণ দিকটিতে বোলারদের বিশেষ প্রশিক্ষণ দেবেন মালিঙ্গা।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার সহ-আয়োজক শ্রীলঙ্কা। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরের প্রস্তুতির অংশ হিসেবেই টিম ম্যানেজমেন্টে লাসিথ মালিঙ্গাকে যুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।





