প্রতি বছর ২৫ ডিসেম্বর সারা বিশ্বে যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন হিসেবে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পালিত হয়। এই উপলক্ষে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বড়দিনের শুভেচ্ছা বার্তায় সাকিব সাম্প্রতিক সময়ে বিভিন্ন সহিংস ও মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো শিশুদের কথা গভীরভাবে স্মরণ করেন। পাশাপাশি যারা ভয়াবহ ও দুর্বিষহ বাস্তবতার মধ্য দিয়ে জীবন পার করছে, তাদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
শিশুদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে সাকিব আল হাসান বলেন, এ দায়িত্ব সবার। তিনি মনে করিয়ে দেন, শিশুরা রাজনীতি কিংবা বিভাজন বোঝে না—তারা কেবল সাধারণ মানুষ, যাদের নিরাপদ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
নিজের বার্তায় তিনি রাজশাহী, টাঙ্গাইল, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিশুদের কথা তুলে ধরেন। পাশাপাশি লক্ষ্মীপুর ও মাগুরায় ঘটে যাওয়া শিশু নির্যাতনের ঘটনাও স্মরণ করেন সাকিব। এসব ঘটনায় অসংখ্য শিশু আজ পরিবারহীন ও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি—এ কথা উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সাকিব বলেন, ধর্ম বা রাজনীতি না বোঝা নিষ্পাপ শিশুদের জীবন যেন আগামীর জন্য আরও কঠিন না হয়ে ওঠে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। শিশুদের নিরাপত্তা, ভবিষ্যৎ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রশ্নে নিজেদের আচরণ নতুন করে মূল্যায়নের আহ্বান জানান তিনি।
বার্তার শেষাংশে সাকিব আল হাসান আগামী প্রজন্মকে দেশের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে উল্লেখ করে সবাইকে সুস্থ ও নিরাপদ থাকার কামনা করেন এবং বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।





