মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে ফিরছেন তাসকিন ও মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২৩ ডিসেম্বর পর্যন্ত খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন। চলমান আসরে তাদের নিজ নিজ দলের আরও ম্যাচ বাকি থাকলেও, গত বুধবারই তারা তাদের শেষ ম্যাচ খেলেছেন। সংযুক্ত আরব আমিরাতের এই প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে দেশে ফিরছেন মুস্তাফিজ।

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস ৯ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে। এই সাফল্যে বড় অবদান রেখেছেন মোস্তাফিজ নিজেই। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে তার ঝুলিতে এসেছে ১৫ উইকেট, যা তাকে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির জায়গায় রেখেছে। শীর্ষে থাকা তার সতীর্থ ওয়াকার সালামখিলের ১৭ উইকেট রয়েছে, তবে তিনি একটি ম্যাচ বেশি খেলেছেন।

অন্যদিকে, তাসকিন আহমেদের আইএল টি-টোয়েন্টি অভিযান শুরু হয়েছিল কিছুটা দেরিতে। প্রথম কয়েকটি ম্যাচে তিনি একাদশে সুযোগ পাননি। শেষ পর্যন্ত ৬ ম্যাচে ৮.৭৫ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ উইকেটশিকারিদের তালিকায় দশ নম্বরে আছেন তিনি। তবে তার দল শারজাহ ওয়ারিয়র্সের অবস্থান ভালো নয়। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের নিচে অবস্থান করছে, আর প্লে-অফে ওঠার সম্ভাবনা আছে শুধু হিসাবের খাতায়।

গতকাল আইএল টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই দুই বাংলাদেশি পেসার। শেষ পর্যন্ত জয় পেয়েছে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস, আর ব্যক্তিগত পারফরম্যান্সেও তিনি তুলনামূলকভাবে এগিয়ে ছিলেন। শারজাহ ওয়ারিয়র্স ১৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিলে দুবাই ক্যাপিটালস ৫ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে। মোস্তাফিজ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ১ উইকেট, তাসকিনও ৩.১ ওভারে ২৯ রান দিয়ে নেন ১ উইকেট।

শেয়ার করুন