বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষ ম্যাচে শারজাকে হারিয়ে প্লে-অফে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে বাংলাদেশি পেসারদের দ্বৈরথে জয়ী হয়েছে মোস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস। তাসকিন আহমেদদের শারজা ওয়ারিয়র্সকে হারিয়ে টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে দুবাই। জাতীয় দলের এই দুই পেসারের জন্য এটিই ছিল এবারের আসরে শেষ ম্যাচ।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শারজা ওয়ারিয়র্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৪ রান। দুবাইয়ের হয়ে বল হাতে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন একটি উইকেট। জবাবে খেলতে নেমে লক্ষ্য তাড়া করতে খুব বেশি বেগ পেতে হয়নি দুবাই ক্যাপিটালসকে। ওপেনার শায়ান জাহাঙ্গীর করেন ৫১ রান। এরপর জর্ডান কক্সের অপরাজিত ৬১ রানের ইনিংসে ভর করে ১৯.১ ওভারেই জয় নিশ্চিত করে দলটি।

শারজার হয়ে বোলিংয়ে তাসকিন আহমেদ ৩.১ ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন। তবে তার চেষ্টা দলকে জয়ের পথে নিতে পারেনি।

এই জয়ে ডেজার্ট ভাইপার্স ও এমআই এমিরেটসের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল দুবাই ক্যাপিটালস। অন্যদিকে হারলেও শারজা ওয়ারিয়র্সের প্লে-অফের আশা এখনো বেঁচে আছে। ৯ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ চারের লড়াইয়ে তারা গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে সমান অবস্থানে রয়েছে।

এদিকে বিসিবি থেকে তাসকিন ও মোস্তাফিজের অনাপত্তিপত্রের মেয়াদ ছিল ২৪ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবারই দেশে ফিরছেন এই দুই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে ফেরার প্রস্তুতির ছবি পোস্ট করেছেন তাসকিন আহমেদ। দেশে ফিরে আসন্ন বিপিএলে মাঠ মাতাতে প্রস্তুত জাতীয় দলের এই দুই তারকা।

শেয়ার করুন