সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ডি বিচ হামলার পর উসমান খাজাকে লক্ষ্য করে বিদ্বেষী আক্রমণ

গত ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে। হামলাকারী সাজিদ আকরাম এবং তার ছেলে ওই সময় ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপনের অনুষ্ঠানে গুলি চালায়।

হামলার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা এবং তাঁর পরিবারকে লক্ষ্য করে ইসলামবিদ্বেষী ও বর্ণবাদী মন্তব্য করা হয়। উসমান খাজা পাকিস্তানি বংশোদ্ভূত এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। বর্তমানে তিনি অ্যাশেজ সিরিজে দলের হয়ে খেলছেন।

এই বিষয়টি সামনে এনেছেন খাজার স্ত্রী র‍্যাচেল খাজা। তিনি সামাজিক মাধ্যমে কিছু আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “গত এক সপ্তাহে আমরা যে মন্তব্যগুলো পেয়েছি, তার একটি ছোট অংশ তুলে ধরলাম। এগুলো নতুন নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনার পর আরও ভয়াবহ হয়ে গেছে।”

কিছু মন্তব্যে খাজার কন্যাদের বিরুদ্ধে চরম ঘৃণাপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে এবং তাদের পাকিস্তানে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। র‍্যাচেল খাজা বলেন, “এখন আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। ইহুদিবিদ্বেষ, ইসলামবিদ্বেষ বা বর্ণবাদ—কোনোটাই মেনে নেওয়া উচিত নয়।”

হামলার পর উসমান খাজা নিজেও সোশ্যাল মিডিয়ায় ঘটনার নিন্দা জানিয়েছেন। এছাড়া বন্ডি বিচ হামলার পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথভাবে শোক প্রকাশ করেছে।

শেয়ার করুন