নুরুল্লাহ, অভয়নগর (যশোর) প্রতিনিধি :
অভয়নগরের নওয়াপাড়ায় ক্রীড়াঙ্গনে ফিরছে উৎসবের আমেজ। সাবেক কিংবদন্তি ফুটবল খেলোয়াড় মরহুম বেলাল হোসেনের স্মরণে ৮ দলীয় বেলাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ আয়োজন করেছে নওয়াপাড়া সোনালী অতীত ক্লাব।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে। প্রথম ম্যাচে মাঠে নামবে সান স্পোর্টিং ক্লাব, খুলনা ও পাবনা জেলা একাদশ।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভয়নগরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ আবুল হাসান (PHF), ম্যানেজিং ডিরেক্টর, রাজবাড়ী সুন্দর বিল্ডার্স লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহমুদ হাসান মোগল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক ফুটবল খেলোয়াড় মনিরুজ্জামান মনি।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে একই মাঠে। ওই দিনের ম্যাচে ইসমিতা মম ফুটবল ক্লাব, মাগুরা মুখোমুখি হবে রাজবাড়ী জেলা ফুটবল একাদশের। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাজমুল হক খোকন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন আব্দুল হালিম।
আয়োজকরা জানান, মরহুম বেলাল হোসেনের ক্রীড়াঙ্গনে অবদান স্মরণ করা ও স্থানীয় তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এই আয়োজন। আয়োজক কমিটি ক্রীড়াপ্রেমী দর্শকদের খেলা উপভোগের জন্য মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।





