মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপত্তার স্বার্থে এবারের বিপিএল উদ্বোধনী হচ্ছে না

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। মূলত জমকালোভাবে আয়োজন করার পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। বুধবার (১৭ ডিসেম্বর) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে ইঙ্গিত দেন। রাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের বিষয়টি নিশ্চিত করে।

ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আসন্ন টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনা ও আগ্রহ বাড়তে শুরু করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, তারা টুর্নামেন্টকে নিরাপদ, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজন করার অঙ্গীকারবদ্ধ।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলোয়াড়, দর্শক, ম্যাচ কর্মকর্তা ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল অংশীজনের নিরাপত্তা নিশ্চিত করাই গভর্নিং কাউন্সিলের প্রধান লক্ষ্য। সরকারের জনসমাগম সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এবারের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমাপনী অনুষ্ঠান জমকালোভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সরকারের পক্ষ থেকে বিপিএলের সূচি চার দিন পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সব দিক বিবেচনায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দ্বাদশ আসর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন