মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রিনকে রেকর্ড দামে দলে নিল কেকেআর

আইপিএল নিলামে আবারও ইতিহাস গড়ল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে টানতে ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মাধ্যমে আইপিএলের নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হলো। দামি ক্রিকেটার কেনার ক্ষেত্রে কেকেআরের আগ্রাসী কৌশল এবারও স্পষ্টভাবে দেখা গেল।

নিলামের শুরু থেকেই গ্রিনকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। ছোট নিলামে থাকা অলরাউন্ডারদের মধ্যে তাকে সবচেয়ে আকর্ষণীয় বিকল্প হিসেবে ধরা হচ্ছিল। আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ায় কেকেআর এবং স্যাম কারানকে না রাখায় চেন্নাই সুপার কিংস—দুই দলই পেস অলরাউন্ডারের খোঁজে ছিল। ফলে গ্রিনকে নিয়ে বড় লড়াই হবে, এমনটাই প্রত্যাশিত ছিল।

গ্রিনের নাম উঠতেই প্রথম বিড করে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ২ কোটি ৬০ লাখ রুপির পরেই তারা পিছিয়ে যায়। এরপর কেকেআর বিডে নামে এবং রাজস্থান রয়্যালসের সঙ্গে শুরু হয় টানটান প্রতিযোগিতা। দ্রুত বাড়তে থাকে দাম। ১৩ কোটি ২০ লাখ রুপি পর্যন্ত লড়াই চালানোর পর রাজস্থান সরে দাঁড়ায়। তখন ময়দানে নামে চেন্নাই সুপার কিংস।

এরপর শুরু হয় কেকেআর ও চেন্নাইয়ের সরাসরি দ্বন্দ্ব। ২০২৩ সালে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে গ্রিনকে কিনেছিল মুম্বাই, পরে ২০২৪ সালে সেই দামেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন। এবার সেই অঙ্ক সহজেই ছাড়িয়ে যায়। ২০ কোটি পেরোনোর পরই বোঝা যাচ্ছিল, নতুন রেকর্ড অপেক্ষা করছে। শেষ পর্যন্ত কেকেআর ২৫ কোটি ২০ লাখ রুপি বিড করলে চেন্নাই আর এগোয়নি।

এর ফলে আইপিএল নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ মূল্য পেলেন ক্যামেরন গ্রিন। এর আগে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কিনে রেকর্ড গড়েছিল কেকেআরই। এবার সেই রেকর্ড নিজেদের হাতেই ভাঙল কলকাতা নাইট রাইডার্স।

শেয়ার করুন