মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এমবাপ্পে–রদ্রিগোর গোলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

খেলোয়াড়দের চেয়েও কঠিন সময় পার করছিলেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জাবি আলোনসো। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে হার এবং তার পরপরই চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে পরাজয় সব মিলিয়ে তাঁর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। একের পর এক হতাশাজনক ফলের কারণে আলোনসোর কোচিং দায়িত্ব নিরাপদ কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয় রিয়াল শিবিরে।

শেষ পর্যন্ত লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আলাভেসকে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরে পায় স্প্যানিশ জায়ান্টরা। রোববার (১৪ ডিসেম্বর) আলাভেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলের সুবাদে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে দলের পাশাপাশি কিছুটা চাপমুক্ত হন কোচ জাবি আলোনসোও।

এর আগে অক্টোবরের শেষ দিকে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে পরাজিত করার সময় লা লিগার শীর্ষে ছিল রিয়াল। সে সময় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে ছিল তারা। কিন্তু এরপর এলচে ও রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্রসহ একাধিক ম্যাচে পয়েন্ট হারানোয় ধীরে ধীরে ছন্দ হারায় দল। সুযোগ কাজে লাগিয়ে হান্সি ফ্লিকের নেতৃত্বাধীন বার্সেলোনা লিগের শীর্ষস্থান দখল করে নেয়।

তবে কঠিন পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচে আলাভেসের বিপক্ষে পাওয়া এই জয় রিয়ালকে নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে। এই তিন পয়েন্টের ফলে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়েছে চার পয়েন্টে।

ম্যাচের ২৪ মিনিটে জুড বেলিংহামের নিখুঁত থ্রু-পাস থেকে গোলের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে এটি তাঁর ১৭তম গোল, আর রিয়াল মাদ্রিদের জার্সিতে মোট ৭০তম গোল। প্রথমার্ধে এই গোলেই এগিয়ে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে আলাভেস। ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র এক মিনিটের মধ্যেই সমতা ফেরান কার্লোস ভিসেন্তে। আন্তোনিও বাঙ্কারের বাড়ানো বল থেকে গোলটি করেন তিনি।

তবে ম্যাচের শেষ ভাগে আবারও ব্যবধান গড়ে তোলে রিয়াল। ৭৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস পেয়ে বক্সে ঢুকে কাছ থেকে গোল করেন রদ্রিগো। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের মাধ্যমে সাম্প্রতিক ব্যর্থতায় জর্জরিত রিয়াল শিবিরে স্বস্তির হাওয়া বইছে। একই সঙ্গে চাপের মুখে থাকা কোচ জাবি আলোনসোর জন্যও এটি বড় ধরনের স্বস্তির জয় হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন