মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নেইমারের নেতৃত্বেই শঙ্কা কাটাল পেলের ক্লাব

ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল লিগ সিরি’এর শেষ রাউন্ডে ক্রুজেইরোকে ৩–০ ব্যবধানে পরাজিত করে অবনমনের শঙ্কা কাটাল সান্তোস। ইনজুরির ঝুঁকি সত্ত্বেও মাঠে নেমে দলকে বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারকা ফরোয়ার্ড নেইমার।

কিংবদন্তি পেলের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা সান্তোস ক্লাব তাদের ইতিহাসে প্রথমবারের মতো ২০২৩ সালে অবনমনের তিক্ত অভিজ্ঞতার মুখে পড়ে—যা পেলের মৃত্যুর প্রায় এক বছর পর ঘটে। সেই হতাশা কাটিয়ে আবার শীর্ষস্তরের লিগে টিকে থাকাই ছিল এবার ক্লাবটির প্রধান লক্ষ্য। জানুয়ারিতে দীর্ঘ বিরতির পর সান্তোসে প্রত্যাবর্তন করা নেইমার সেই লক্ষ্য পূরণে সামনে থেকে নেতৃত্ব দেন।

লিগের শেষ তিন ম্যাচেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। স্পোর্ট রেসিফের বিপক্ষে ৩–০ ব্যবধানের জয়ে একটি গোল করেন তিনি। এরপর জুভেন্তুদের বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক উপহার দেন। সর্বশেষ ম্যাচে গোল না পেলেও মাঝমাঠ থেকে আক্রমণ সাজিয়ে দলের জয় নিশ্চিত করতে বড় অবদান রাখেন। রোববার ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে থাসিয়ানো ২৬ ও ২৮ মিনিটে জোড়া গোল করেন। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে ব্যবধান বাড়ান জোয়াও শ্মিট। এই জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে সান্তোস, অবস্থান দাঁড়ায় দ্বাদশ।

এই মৌসুমে হাঁটুর চোটসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে মাত্র ১৯টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। তবুও আটটি গুরুত্বপূর্ণ গোল করে দলের জন্য বড় অবদান রেখেছেন তিনি। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, “আমি এই ক্লাবে ফিরেছি সাহায্য করার উদ্দেশ্যেই। গত কয়েক সপ্তাহ ছিল আমার জন্য অসম্ভব কঠিন। যারা আমাকে আবার দাঁড়াতে সাহস জুগিয়েছে, সবাইকে ধন্যবাদ। না হলে এই ইনজুরি—বিশেষ করে হাঁটুর সমস্যার কারণে আমার মাঠে নামাই হতো না।”

এদিকে আগেই শিরোপা নিশ্চিত করেছে ব্রাজিলের অন্যতম সফল ক্লাব ফ্ল্যামেঙ্গো। সিয়ারার বিপক্ষে ১–০ ব্যবধানের জয় দিয়ে তারা তাদের ইতিহাসের নবম ব্রাজিলিয়ান লিগ শিরোপা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। শুধু তাই নয়, গত মাসেই দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের শিরোপাও জিতেছে দলটি।

শেয়ার করুন