মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমিরাতের লিগে অভিষেকে আলো ছড়ালেন মোস্তাফিজ

সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত সূচনা করেছেন মোস্তাফিজুর রহমান। দল দুবাই ক্যাপিটালস জয় না পেলেও বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি পেসার।

গতকাল (৬ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে অভিষেক হয় মোস্তাফিজের। সেই ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে ২৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার। পাশাপাশি ফিল্ডিংয়ে দুটি ক্যাচও নেন তিনি।

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক দুবাই ক্যাপিটালস ১৬০ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে গালফ জায়ান্টস ৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

অভিষেক ম্যাচেই প্রথম বলেই উইকেটের দেখা পান মোস্তাফিজ। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে নিজের প্রথম বলেই ফেরান তিনি। গালফের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন গুরবাজ। ওই ওভারে মোস্তাফিজ খরচ করেন ১১ রান।

নিজের শেষ ওভারে বল করতে এসে আবারও উইকেটের সুযোগ তৈরি করেছিলেন মোস্তাফিজ। জেমস ভিন্স ক্যাচ তুললেও ডেভিড উইলি তা তালুবন্দি করতে পারেননি। মিস ফিল্ডিংয়ে সুযোগ নষ্ট হয়ে যায় এবং সেই বলে চার রান দর্শকদের খুশি করে। ওই ওভারে দেন ১০ রান। এরপর সেই ভিন্সই অর্ধশতক পূর্ণ করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

১২তম ওভারে ফের বল হাতে এসে আরও একটি উইকেট তুলে নেন মোস্তাফিজ। মাত্র ২ রান খরচায় আউট করেন ফিফটি করা পাতুম নিশাঙ্কাকে। ১৬তম ওভারে দেন শুধু ৩ রান। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া এই পেসার শেষ দুই ওভারে খরচ করেন মাত্র ৫ রান।

মোস্তাফিজের বোলিং শেষ হওয়ার পর গালফ জায়ান্টসের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ বলে ২৯ রান। সেই সমীকরণ শেষ পর্যন্ত সহজেই মেলাতে পারে তারা। নিশাঙ্কা ৩১ বলে দুর্দান্ত ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন।

শেয়ার করুন