মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে নতুন বিদেশি শক্তি: ইতালির ওপেনার এমিলিও গে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে বামহাতি ওপেনার এমিলিও গে-কে। ১০ হাজার ডলারের মৌলিক মূল্যেই তাকে দলে টেনে নেয়। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা কে এই গে।

ইতালির জাতীয় দলে খেললেও গে মূলত ইংল্যান্ডে জন্ম নেওয়া ক্রিকেটার। তার জন্মস্থান বেডফোর্ড। মায়ের মাধ্যমে তিনি ইতালির হয়ে খেলার যোগ্যতা পেয়েছেন, আর বাবার দিক থেকে তার শিকড় গ্রেনাডায়।

গত বছরের জুলাইয়ে তিনি প্রথমবার ইতালির জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এখন পর্যন্ত ৪টি ওয়ানডে এবং ৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। চার ওয়ানডেতেই অর্ধশতক রয়েছে তার নামে। টি-টোয়েন্টির তিন ম্যাচই ছিল বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের শেষ ধাপ। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই ইতালিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে দিতে সহায়তা করেছেন গে।

যদিও আন্তর্জাতিক পর্যায়ে ইতালির প্রতিনিধিত্ব করলেও তার দীর্ঘমেয়াদি লক্ষ্য একদমই ভিন্ন তিনি ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা পেতে চান। কাউন্টি সার্কিটে ইতোমধ্যে তিনি যথেষ্ট পরিচিত খেলোয়াড়। ৬৭ ম্যাচে ৩৭ দশমিক ৩৮ গড়ে করেছেন ৪ হাজারের বেশি রান, রয়েছে ১০টি সেঞ্চুরি ও ২৬১ রানের দীর্ঘ ইনিংস।

এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমার মূল লক্ষ্য লাল বলে আরও ধারাবাহিক হওয়া। কাউন্টিতে পরিচিতি আছে আগে থেকেই। এখন সাদা বলেও উন্নতি করতে চাই। সেই কারণেই আপাতত ইতালির হয়ে খেলছি।”

এমিলিওর হিসাব অনুযায়ী, ইতালির হয়ে খেলা ইংল্যান্ডের দরজা বন্ধ করে দিচ্ছে না। বরং আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা ইংলিশ স্বপ্নের পথকে আরও মজবুত করবে বলেই তার বিশ্বাস। বিপিএলে সুযোগ পাওয়া তাই তার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন