এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইপর্বে বাংলাদেশ টানা তৃতীয় জয় পেয়েছে। তিমুর লেস্তে ও ব্রুনাইয়ের পর এবার শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে লাল-সবুজ দল। গোলাম রব্বানী ছোটনের দলে ফয়সালের জোড়া গোল বাংলাদেশকে হ্যাটট্রিক জয় এনে দিয়েছে।
চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বুধবার ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ২৪ মিনিটে ইকরামুল প্রথম গোল করেন। পাঁচ মিনিট পর মানিক ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণ আরও তীব্র হয় এবং আসে আরও তিনটি গোল। ফয়সাল ৬৪ মিনিটে তৃতীয় গোল করে দলকে এগিয়ে নেন। শেষ মিনিটে বায়েজিদ গোল করেন এবং যোগ করা সময়ে ফয়সাল আবারও জাল কাঁপান।





