বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাইনিজ তাইপেকে হারিয়ে কাবাডি বিশ্বকাপে ভারতের টানা দ্বিতীয় শিরোপা

মেয়েদের কাবাডি বিশ্বকাপে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় বাংলাদেশে। এ আসরে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ফাইনালে চাইনিজ তাইপেকে ৩৫-২৮ পয়েন্টে হারিয়ে ভারত টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে। ২০১৬ সালে ভারতে হওয়া প্রথম আসরেও শিরোপা জিতেছিল স্বাগতিকরা।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার বিকেলে খেলা শুরু হলে প্রথমে এগিয়ে যায় চাইনিজ তাইপে। চাপ ধরে রেখে পয়েন্ট ব্যবধান বাড়াতে থাকে দলটি। প্রথমার্ধের বেশিরভাগ সময় ভারতের উপর প্রাধান্য বিস্তার করে কোচ ডেভিডের শিষ্যরা।

বিরতির ঠিক আগে ভারতের প্রথমবার অলআউট হওয়ার শঙ্কা দেখা দেয়, তখন স্কোর ছিল ৯-১২। সেখান থেকে সাঞ্জু দেবী রেইডে চাইনিজ তাইপের চার খেলোয়াড়কে আউট করে ভারতের পয়েন্টকে ১৩-১২ এ নিয়ে আসে। সমতায় ফেরার সঙ্গে সঙ্গেই এগিয়ে যায় ভারত। এই সময় একবার অলআউট হয় চাইনিজ তাইপে। এরপর ভারত আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

প্রথমার্ধ শেষ হয় ২০-১৬ পয়েন্টে। বিরতির পর বোনাস পয়েন্টে চাইনিজ তাইপে ব্যবধান কমায়। তবে পুষ্পা রেইডে তিন পয়েন্ট তুলে ভারতের লিড আরও বাড়ান। সময়ের সঙ্গে চাইনিজ তাইপে ম্যাচ থেকে পিছিয়ে যেতে থাকে। একপর্যায়ে রেইড ও ট্যাকল থেকে পয়েন্ট তুলে ব্যবধান ২৫-২২ করে।

শেষ মুহূর্ত পর্যন্ত সাঞ্জু ও পুষ্পাদের দারুণ খেলায় ভারত এগিয়ে থাকে। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে চাইনিজ তাইপে সুপার ট্যাকল দিয়ে ফেরার চেষ্টা করলেও স্কোর ছিল ৩০-২৬। শেষদিকে তাদের অলআউট করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ভারত। শেষ স্কোর ৩৫-২৮, যা ভারতের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় নিশ্চিত করে।

শেয়ার করুন