বাংলাদেশ ফুটবল বর্তমানে উন্নতির জোয়ারে রয়েছে। হামজা চৌধুরী ও সমিত সোমের আগমনে দলের আত্মবিশ্বাস বেড়েছে, যা সাম্প্রতিক মাঠের পারফরম্যান্সে স্পষ্ট। বাংলাদেশের অগ্রগতি স্বীকার করেছেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের আগে তিনি জানিয়েছেন, বাংলাদেশ দল আগের তুলনায় অনেক উন্নতি করেছে এবং প্রতিবেশি দেশের সঙ্গে দারুণ লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন।
২০১০ সালের সাউথ এশিয়ান গেমসে ঢাকায় খেলা সান্ধু বলেন, “এখানে খেলা সবসময়ই কঠিন। বাংলাদেশ এখন অনেক উন্নতি করেছে, অবকাঠামোও ভালো।”
মঙ্গলবার বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে এশিয়ান কাপ বাছাইয়ে। গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছায় ভারতীয় দল। দুই দেশের ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা রয়েছে।
সান্ধু জানান, দুই দেশের ম্যাচ সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। “প্রতিবেশী হওয়ায় বাংলাদেশ সবসময়ই আমাদের বিপক্ষে ভালো করতে চায়। ম্যাচটি সুন্দর নাও হতে পারে, অগোছালোও হতে পারে। তবে মানসিক ও শারীরিকভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে।”
ভারতের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান স্বাগতিকদের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমাদের লক্ষ্য সেরাটা দেওয়া। কোচের ফর্মুলা মাথায় রেখে খেলতে পারলে ফল আমাদের পক্ষে আসবে। এবার জিততে চাই।”
ঝিঙ্গান ২০১৫ সালে ভারতের অনূর্ধ্ব-২৩ দল এবং পরে বেঙ্গালুরু এফসির হয়ে ঢাকায় খেলেছেন। তিনি বাংলাদেশের দর্শক ও পরিবেশের প্রশংসা করে বলেন, “বাংলাদেশের দর্শকরা ফুটবল ভালোবাসে। জাতীয় স্টেডিয়ামে খেললে চাপ থাকে, তবে পরিবেশ দারুণ।”
গতকাল ঢাকায় পৌঁছায় ২৩ সদস্যের ভারতীয় দল। ঝিঙ্গান বলেন, “বাংলাদেশ খুব ভালোভাবে স্বাগত দিয়েছে। খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন তৈরি করে, আশা করি এই ম্যাচও তেমন হবে।”
ভারত আজ হালকা অ্যাক্টিভেশন সেশন এবং বিকেলে ট্রেনিং করেছে। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে অফিসিয়াল ট্রেনিংয়ে অংশ নেবে ভারতীয় দল।





