শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাত্র ৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট!

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘টিকিটস সোল্ড আউট’।

এই ম্যাচকে ঘিরে বিপুল আগ্রহ দেখা গেছে সোমবার দুপুরে টিকিট বিক্রির সময়। দুপুর ২টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে বিক্রি শুরু হয়। কিন্তু মাত্র ছয় মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সাধারণ গ্যালারির সব টিকিট। মুহূর্তেই ওয়েবসাইটে ভেসে ওঠে ‘সোল্ড আউট’ লেখা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

সর্বশেষ সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ভারত ম্যাচে সেই দাম বাড়িয়ে করা হয় ৫০০ টাকা। দাম বাড়লেও চাহিদায় কোনো প্রভাব পড়েনি; বরং আরও উচ্ছ্বাসে টিকিট সংগ্রহে ঝাঁপিয়ে পড়েন সমর্থকেরা।

বাফুফে জানিয়েছে, এবার মোট ছয় ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছে—গ্যালারি, ক্লাব হাউস ১ ও ২, ভিআইপি বক্স ২ ও ৩, রেড বক্স ও হসপিটালিটি বক্স।

সবচেয়ে কম মূল্যের গ্যালারি টিকিট ৫০০ টাকা, ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩–এর দাম ৩ হাজার টাকা, ভিআইপি বক্স ২–এর টিকিট ৪ হাজার, ক্লাব হাউস ১–এর ৫ হাজার এবং রেড বক্সের ৬ হাজার টাকা।

করপোরেট বক্স ও স্কাই বক্সের টিকিটের দাম জানানো হয়নি। এসব জায়গা থেকে খেলা দেখতে info@bff.com.bd এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে হবে বলে জানিয়েছে বাফুফে।

বাফুফে অনলাইন টিকিট বিক্রি শুরু করে গত জুনে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। তখন ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে টিকিট বিক্রিতে দর্শকদের ভোগান্তি হয়েছিল। পরে অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে ম্যাচে নতুন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-কে দায়িত্ব দেওয়া হয়, যেখানে মাত্র ২০ মিনিটে বিক্রি হয়ে যায় সব টিকিট।

সর্বশেষ হংকংয়ের সঙ্গে ড্রয়ে বাংলাদেশের এশিয়ান কাপের আশা শেষ হয়ে গেলেও ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসের কোনো ঘাটতি নেই।

শেয়ার করুন