শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাঠে অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যুবরণ করেছেন।

সোমবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল ও খুলনার ম্যাচ চলাকালীন বেলা ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বরিশালের ক্রিকেটার মঈন খান জানিয়েছেন, দ্রুত শুশ্রুষা শেষে তাকে খুলনার আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউর জন্য অন্য হাসপাতালে নেওয়ার পথে, বেলা ২টার দিকে ৪৭ বছর বয়সী হাসান মারা যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। হাসান এক যুগেরও বেশি সময় ধরে বরিশালের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ রিহ্যাবিলিয়েশন ফর ট্রমা সেন্টারে ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন।

হাসান আহমেদের প্রতি সম্মান জানাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরবেন। সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

শেয়ার করুন