পাকিস্তান ক্রিকেট দল মানেই যেন সবুজ জার্সির প্রতীক। তবে এবার ব্যতিক্রম ঘটছে—প্রথমবারের মতো ঐতিহ্যবাহী সবুজ ছাড়ছে তারা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে গোলাপি রঙের জার্সি পরে মাঠে নামবে পাকিস্তান।
এর উদ্দেশ্য কেবল একটাই—স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। দক্ষিণ আফ্রিকা অতীতে এমন উদ্যোগ নিলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য এটি একেবারেই প্রথম অভিজ্ঞতা।
আগামী ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে শুধু জার্সিই নয়, পুরো স্টেডিয়ামকেই সাজানো হবে গোলাপি রঙে। পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, “কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পিসিবি ও ‘পিংক রিবন পাকিস্তান’ যৌথভাবে স্তন ক্যান্সার সচেতনতা বাড়ানোর এই উদ্যোগ নিয়েছে।”
এই বিশেষ ম্যাচে পাকিস্তানের ক্রিকেটাররা গোলাপি জার্সি পরবেন, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা ধারণ করবেন গোলাপি ফিতা। এছাড়া কোচিং স্টাফ, ধারাভাষ্যকার ও সম্প্রচারক কর্মীরাও একই প্রতীক ব্যবহার করবেন।
ম্যাচে ব্যবহার করা হবে গোলাপি ব্র্যান্ডিং করা স্টাম্প, আর সরাসরি সম্প্রচারে প্রচার করা হবে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা। পাশাপাশি, লাহোরের কালমা চকের পিংক রিবন ব্রেস্ট ক্যান্সার ট্রাস্ট হাসপাতালে ওই দিন নারীদের জন্য বিনা মূল্যে পরীক্ষা ও স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে।





