এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের বিজয়ী প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাকে পরাজিত করতে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। এখানে বিএনপি আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা একতাবদ্ধ হয়েছিল; কিন্তু জনতার গণরায় এসব ষড়যন্ত্র রুখে দিয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে কেটেছে। জনগণ কেন্দ্রে গিয়ে আমাকে দলে দলে ভোট দিয়েছেন। যারা কোনোদিন রাজনীতি করে নাই, রাজনীতির কিছুই বোঝে না এই ছেলেগুলো আমার জন্য রাস্তায় নেমেছেন। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে এসে নির্বাচনে আমার জন্য কাজ করেছে। চাকরি থেকে ছুটি নিয়ে এসে নির্বাচনী কাজ করেছেন। বিদেশ থেকে রেমিট্যান্স যোদ্ধারা ছুটে এসেছেন। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে হাসানাত আবদুল্লার নির্বাচন করেছেন।
তিনি বলেন, দেবিদ্বারবাসী প্রমাণ করে দিয়েছেন ক্ষমতা, ক্ষমতার হাতে নেই। ক্ষমতা হচ্ছে জনতার হাতে। জনতা সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।





