শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন হাসনা জসীমউদদীন মওদুদ

হাসনা জসীমউদদীন মওদুদ,,ফাইল ছবি

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসীমউদদীন মওদুদ দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসনা জসীমউদদীন মওদুদ। তিনি বলেন, “আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং আমি দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার সেবা করেছি। আওয়ামী লীগের প্রতিহিংসার কারণে ২০১৭ সাল থেকে আমি আমার বাড়ি হারিয়েছি। দলীয় নমিনেশন না পাওয়ায় আমি আশাহত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম।”

তিনি আরও জানান, “দলের চেয়ারপারসন ও নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে আমি এবার নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। ২০ জানুয়ারির মধ্যে সরাসরি গিয়ে প্রত্যাহারের কাজ সম্পন্ন করব।”

উল্লেখ্য, হাসনা জসীমউদদীন মওদুদ পল্লীকবি জসীমউদ্দীনের কন্যা। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবারের আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মো. ফখরুল ইসলাম।

শেয়ার করুন