ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
এ বিষয়ে তিনি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব।”
শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করে তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই শেষে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল ঘোষণার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন। আপিলের প্রক্রিয়া শুরু করেছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে দেওয়া ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, “মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে আমি নির্বাচন করতে পারব কি না। আমি ইতোমধ্যেই আপিল করেছি। আমার আইনজীবী জানিয়েছেন, আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে। অতীতের নজিরও আছে।”
বাংলাদেশে পরিবর্তন নিয়ে আশাবাদী বলে উল্লেখ করে তিনি বলেন, “আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি।”
ভিডিও বার্তায় ‘ক্রাউড ফান্ডিং’ (গণ-অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ) নিয়ে তাসনিম জারা বলেন, “আমি যখন ঘোষণা দিয়েছিলাম যে স্বতন্ত্র নির্বাচন করব, তখনই জানিয়েছিলাম, দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার কারণে যারা টাকা ফেরত চান, তারা যেন আমাকে জানান। এখন পর্যন্ত ২০৫ জন জানিয়েছেন, যারা বিকাশে টাকা পাঠিয়েছেন। তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “যারা আরও টাকা ফেরত চাইবেন, তাদের জন্য ফর্মের লিংক আমার পোস্টের ক্যাপশন ও কমেন্টে দেওয়া আছে। যারা টাকা ফেরত চাইবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে। প্রত্যেকের টাকা ফেরত যাবে। এটা নিয়ে কোনো সংশয় নেই।”
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য তিনি জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। এই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা।
তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনি জোটের ইস্যুতে দল থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।





