ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন।
মনোনয়ন বাতিলের পর ডা. তাসনিম জারা বলেন,আমি আপিল করব, আপিলের প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি।”
তাসনিম জারা জানান, নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করেছে, স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়।
তিনি বলেন, আমি এই এক শতাংশের চেয়েও প্রায় ২০০ বেশি স্বাক্ষর জমা দিয়েছি। কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন, যার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেছে। বাকি ২ জনের তথ্য পাওয়া গেছে, কিন্তু তারা ঢাকা-৯ এর ভোটার নন। ওই দুইজন জানতেন না যে তারা ঢাকা-৯ এর ভোটার। তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সঙ্গে যুক্ত।”
ডা. জারা অভিযোগ করেন, ওই দুইজনের কাছে কোনো উপায় ছিল না জানতে যে তারা ঢাকা-৯-এর ভোটার নন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ ধরনের তথ্য তারা নিতে পারেননি। তারা স্বাভাবিকভাবে ভেবেছিলেন তারা ঢাকা-৯-এর ভোটার, তাই স্বাক্ষর দিয়েছেন। এর মধ্যে একজনের এনআইডির ঠিকানা অনুযায়ী তিনি ঢাকা-৯-এর ভোটার, কিন্তু কমিশনের ওয়েবসাইটে তার ঠিকানা অন্য জায়গায় দেখাচ্ছে।”
হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় চিকিৎসক। তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা, এছাড়া দেশের বাইরে আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন।





