শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপিতে ভাঙন, একের পর এক নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠালগ্নের সদস্য ও যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দলটির মিডিয়া সেলের সম্পাদকের দায়িত্ব থেকেও অব্যাহতি নেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে মুশফিক উস সালেহীন উল্লেখ করেন, এনসিপির একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি শুরু থেকেই দলের ঘোষিত লক্ষ্য ও আদর্শ, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা এবং গণতান্ত্রিক নৈতিকতার প্রতি দায়বদ্ধ থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে সময়ের সঙ্গে দলের কিছু রাজনৈতিক সিদ্ধান্ত তার নীতিগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটে এনসিপির অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। তার ভাষ্য অনুযায়ী, এই রাজনৈতিক জোটে যোগ দেওয়ার বিষয়টি তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস ও মূল্যবোধের পরিপন্থী।

চিঠিতে আরও বলা হয়, এনসিপির ওই জোটে যুক্ত হওয়া জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, গণতন্ত্রের মৌলিক চর্চা এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র গঠনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মনে করেন। এ কারণে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে তার গভীর আপত্তি রয়েছে।

দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতির কথাও পদত্যাগপত্রে তুলে ধরেন মুশফিক উস সালেহীন। তিনি উল্লেখ করেন, সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চার ঘাটতি, সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এবং নতুন রাজনৈতিক জোটসঙ্গীদের চরিত্র ও ভূমিকা বিবেচনায় নিয়ে তিনি এনসিপিতে আর সক্রিয় থাকা সম্ভব মনে করেননি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি থেকে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। দলীয় সূত্রে জানা গেছে, মুশফিক উস সালেহীনের পদত্যাগসহ এ পর্যন্ত অন্তত ১০ জন নেতা বিভিন্ন পর্যায়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন