শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে মনিরামপুর বাজার এলাকায় কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও নির্যাতনের মধ্য দিয়ে রাজপথে থাকা মনিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে প্রথমে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়। এতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনই সাধারণ মানুষের প্রত্যাশিত প্রার্থী। দ্রুত সময়ের মধ্যে তাকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন না দেওয়া হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।





