বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্যসমাপ্ত কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্ধারিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিবগাতুল্লাহ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫’-এর দ্বিতীয় অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
সম্মেলন সংশ্লিষ্ট এক কেন্দ্রীয় নেতা জানান, সভাপতি নির্বাচনের পর সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শক্রমে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেওয়া হয়। সেই অনুযায়ী নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।
দ্বিতীয় অধিবেশনে ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ফলাফল ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন অধিবেশন সঞ্চালনা করেন। ফল ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।
এর আগে, সম্মেলনের প্রথম অধিবেশন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন।
জানা গেছে, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।





