রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের সঙ্গে সঙ্গেই নেতাকর্মীদের টানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সংবর্ধনাস্থল। চারপাশের উচ্ছ্বাস আর ভালোবাসায় আবদ্ধ হয়ে পড়েন তিনি।
বহুল প্রতীক্ষিত বক্তব্যে তারেক রহমান একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সব নাগরিকের জন্য নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ গড়ে তোলাই তার প্রত্যাশা।
এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তারেক রহমান বলেন, সকলকে একসঙ্গে কাজ করতে হবে, সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ।
এর আগে সংবর্ধনা মঞ্চে উপস্থিত বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাদের প্রিয় নেতাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান। একই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। এ সময় মঞ্চের নিচে অবস্থান করা নেতাকর্মীরা ধারাবাহিক স্লোগানে সংবর্ধনাস্থল উত্তাল করে তোলেন। সবার অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।





