অপু দাস, নিজস্ব প্রতিনিধি :
রাজশাহী-২ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দলের মনোনীত প্রার্থী ডা. মোঃ জাহাঙ্গীর আলম আজ মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ দুপুর ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী সেল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির, জেনারেল সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের পর জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহাঙ্গীর। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে রাজশাহী শহরকে চাঁদাবাজমুক্ত করার পাশাপাশি স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করব। এছাড়াও ভোটের অধিকার সুরক্ষিত রাখব।”
তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা মানে জনগণের আস্থার প্রতীক। এতে ভোট দিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। আমাদের নির্বাচনী আচরণ প্রতিহিংসামূলক নয়, বরং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হবে। আমাদের মূল লক্ষ্য হলো জনগণের শান্তি ও কল্যাণ।” সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পর ডা. জাহাঙ্গীর সবাইকে দাঁড়িপাল্লাকে সমর্থন করার আহ্বান জানিয়ে ধন্যবাদ প্রকাশ করেন এবং প্রেস ব্রিফিং শেষ করেন।





