বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মাধ্যমে বিএনপির মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনে অংশগ্রহণের নিজের সিদ্ধান্তকে প্রথম ধাপে বাস্তবায়ন করলেন।
কয়েকদিন ধরেই রুমিন ফারহানা স্পষ্ট জানিয়েছিলেন, বিএনপি থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। গত সপ্তাহে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, “মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।”
রুমিন ফারহানা সাংবাদিকদের জানান, বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট গঠনের কারণে আসনটি অন্যকে দেওয়া হয়েছে। তবে দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখে তিনি আগাম পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন।
রুমিন ফারহানার সূত্রে জানা যায়, মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি এখন তা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী প্রচার ও অফিস স্থাপন কার্যক্রমও তিনি ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছেন।
এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। এর মধ্যে সরাইলের ৯টি ইউনিয়নে ভোটার রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৬০৯, আশুগঞ্জের ৮টি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯৯ এবং বিজয়নগরের ২টি ইউনিয়নে ৫৭ হাজার ৭৪০ জন।





