ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে রাশেদ খান দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদ খান বলেন, “মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ উপস্থিত ছিলেন। সেই আলোচনায় আমি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছি।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে আমি ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছি। খুব শিগগিরই বিএনপি ঘোষণা দিবে।”
বিএনপির প্রার্থী হলেও গণঅধিকার পরিষদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যা, সবই থাকবে, আল্লাহ ভরসা।”
রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি নবাই বিশ্বাসের ছেলে এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।





