আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতায় পৌঁছেছে বিএনপি। এই সমঝোতার আওতায় চারটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত চারটি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এসব আসনে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সমঝোতার অংশ হিসেবে জমিয়তের জন্য নির্ধারিত আসনগুলো হলো—নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২। এসব আসনে জমিয়তের মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দুই দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে নির্দিষ্ট আসনগুলোতে একে অপরের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে দেশের অন্যান্য আসনে জমিয়তও প্রার্থী দেবে না।
দলীয় সূত্র জানায়, আলোচনার শুরুতে জমিয়ত পাঁচটি আসনের দাবি জানালেও আলোচনার পর তিনটি আসনে ঐকমত্য হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে আরও একটি আসন যুক্ত হয়ে মোট চারটি আসনে সমঝোতা চূড়ান্ত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি ও জমিয়তের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।





