ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর সরকারি দায়িত্ব থেকে পদত্যাগের পর মনোনয়নপত্র জমা দেবেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয়।
মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এবং ২৮ ডিসেম্বর থেকে নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন। তিনি নির্বাচনী লক্ষ্য হিসেবে এলাকার উন্নয়ন এবং সন্ত্রাস নির্মূলকে উল্লেখ করেন।
অনুষ্ঠানে তিনি ভোটের জন্য ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, জান্নাত-জাহান্নামের ফয়সালা মানুষের হাতে নয়। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





