শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ জানানো এবং চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা।
ডাকসু ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব কর্মসূচির কথা জানান। পোস্টে তিনি বলেন, “ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিপ্লবী সংগ্রাম জারি রাখতে ছাত্র-জনতা মাঠে থাকবে।”
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশের সব মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া একই দিন বিকাল ২টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ আয়োজন করা হবে।
ঘোষিত কর্মসূচিতে সর্বস্তরের ছাত্র-জনতাকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম আরও বলেন, “ওসমান হাদির রক্তের আমানত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।”





