বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আপসহীন জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত ও শাহাদত কামনা করেন এবং তার শোকাহত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাইযোদ্ধা ও খাঁটি দেশপ্রেমিক। অন্যায় ও অবিচারের কাছে তিনি কখনো আপস করেননি। আধিপত্যবাদী শক্তি ও জুলুমের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল দৃঢ় ও প্রতিবাদী। তিনি ছিলেন আদর্শে অবিচল এক নির্ভীক সংগ্রামী, যাকে কোনো লোভ-লালসা বিচ্যুত করতে পারেনি।

তিনি আরও বলেন, ওসমান হাদি ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। সেই লক্ষ্যে আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শাহাদতে জাতি এক বলিষ্ঠ কণ্ঠস্বর ও আদর্শনিষ্ঠ যোদ্ধাকে হারাল। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তার চিন্তা-চেতনা ও আদর্শ নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং দল-মত নির্বিশেষে তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। জাতি তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার স্ত্রী, মাসুম সন্তানসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের জন্য ধৈর্য ও শক্তি দানের দোয়া করেন।

শেয়ার করুন