আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রয়োজন ও প্রত্যাশা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতৃত্ব এখনো সেই চাহিদাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রূপ দেওয়ার দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, জনগণই যে সকল ক্ষমতার মূল উৎস এই বক্তব্য বারবার উচ্চারিত হলেও বাস্তবে জনগণের শক্তিকে পরিবর্তনের কার্যকর হাতিয়ারে পরিণত করা যাচ্ছে না। দেশের একটি বড় অংশ এখনো নিশ্চিত নয় কে তাদের প্রকৃত প্রতিনিধি হতে পারে কিংবা কোন ধরনের সরকার তাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম। অথচ এই জনগণের নামেই রাজনীতি পরিচালিত হচ্ছে।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে যারা সংগ্রামে যুক্ত আছেন, তারা চাইলে আন্দোলনকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে পারেন। তবে সে আন্দোলন হতে হবে পরিকল্পিত, ধারাবাহিক এবং বাস্তবভিত্তিক। বর্তমান সরকারের সময়েও জনগণের অধিকার আদায়ে সুসংগঠিত প্রচারণা চালানো জরুরি বলে তিনি মনে করেন। তবে তিনি বাস্তবতার দিকটিও তুলে ধরেন অনেক পরিবার আজ চরম সংকটে রয়েছে, যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে নিখোঁজ কিংবা কারাগারে আটক। এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকার আশা করা অবাস্তব।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সমাজ ও রাজনীতিতে যে গভীর সংকট বিরাজ করছে, তার কেন্দ্রস্থল রাজনীতি নিজেই। রাজনীতির কাঠামো ও চর্চায় পরিবর্তন না এলে সমাজের অন্য কোনো সংস্কার দীর্ঘস্থায়ী হবে না। বর্তমান রাজনৈতিক ধারা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার সঙ্গে সংযুক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রবাসীর ডাকের প্রধান সমন্বয়ক মো. মঞ্জুর হোসেন ঈশা। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎসজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, বাস্তহারা কমিটির সিনিয়র সহসভাপতি ও সাবেক সচিব ড. আনিস আউয়াল, মানবাধিকারকর্মী মনিরুল ইসলাম মনির, আবদুর রহিমসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।





