আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চের শীর্ষ তিন নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে পারেন—এমন সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক শেষে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলাপচারিতায় এই ইঙ্গিত পাওয়া গেছে।
গণতন্ত্র মঞ্চের একাধিক প্রভাবশালী নেতা জানিয়েছেন, বিএনপি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে নির্বাচনে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।
আলোচনার অংশ হিসেবে জানা গেছে, মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২, সাইফুল হককে ঢাকা-১২ এবং জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রার্থী হিসেবে ছাড় দেওয়ার প্রস্তাব সামনে এসেছে।
তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। আসন সমঝোতা ও আনুষ্ঠানিক ঘোষণার আগে দলীয় ফোরামে আরও আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





