মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে অংশ নেওয়ার সাহস পেয়েছি জনগণের সমর্থনে: আসিফ

ঢাকা-১০ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জনগণের সহযোগিতা ও সমর্থন তার একমাত্র ভরসা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি এ মন্তব্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন।

আসিফ মাহমুদ লিখেছেন, “নির্বাচনে অংশ নিতে প্রচুর অর্থের প্রয়োজন, যা আমার নেই। সেই সময় অস্ট্রেলিয়ায় অবস্থানরত এক প্রবাসী নারী এক পরিচিত ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠিয়ে আমাকে উৎসাহ দিয়েছেন। তাদের অনুপ্রেরণায় সাহস পেয়ে বুঝতে পেরেছি, আমাদের জনগণের প্রতিনিধি হওয়া প্রয়োজন। গণঅভ্যুত্থানের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো জরুরি।”

তিনি আরও উল্লেখ করেন, “সেদিন সাহস পেলাম নির্বাচনে অংশ নেওয়ার জন্য। যেমনভাবে লাখো মানুষের মিছিল আমাদের গণভবনে পৌঁছে দিয়েছে এবং স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে। জনগণের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র ভরসা।”

এছাড়া আসিফ মাহমুদ জানিয়েছেন, নির্বাচনি প্রচারণার স্বেচ্ছাসেবক আহ্বানে মোট ৬ হাজার ২৮৪ জন আবেদন করেছেন, যার একটি উল্লেখযোগ্য অংশই ঢাকা-১০ আসনের বাসিন্দা। তিনি জানান, “আমরা দ্রুত আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। পাশে দাঁড়িয়ে সাহস জোগানোর জন্য সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ।”

গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ঢাকা-১০ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা-১০ আসনে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা অন্তর্ভুক্ত।

এর আগে, ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি সরকারের উপদেষ্টা ছিলেন। দায়িত্বের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অন্তর্ভুক্ত ছিল।

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। প্রথমে তিনি শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

শেয়ার করুন