বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিলো জাতীয় পার্টি

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল প্রাথমিকভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। আজ (১৭ ডিসেম্বর) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।

বুধবার বিকেলে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আশা করি নির্বাচন কমিশন সকলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবে। অন্যথায় দেশের সংকট কাটবে না। ২০১৪ সালের একতরফা নির্বাচন তার উৎকৃষ্ট প্রমাণ।”

শামীম পাটোয়ারী উল্লেখ করেন, স্বাধীনতা-উত্তর ৯টি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। তবে ভোটের দুই মাস আগে আইনশৃঙ্খলার অবস্থা এত খারাপ কখনও হয়নি। ভোটের আগে রাজনৈতিক সমঝোতা ও স্বাভাবিক প্রক্রিয়া থাকা উচিত, যা বর্তমানে নেই। এর ফলে উত্তেজনা বেড়ে গেছে এবং উদীয়মান নেতাদের ওপর হামলা ঘটেছে। উদাহরণ হিসেবে তিনি ওসমান হাদির ওপর গুলি চালানো ও সাংবাদিক আনিস আলমগীরের গ্রেফতারের ঘটনাকে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “সাবেক তথ্য উপদেষ্টা বলছেন লাশের বদলে লাশ পড়বে। অতীতে বিএনপি ও জামায়াত প্রশাসন ভাগাভাগি করে সাজিয়েছে। আমরা আশঙ্কা করি পাতানো নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে।”

জাতীয় পার্টি সবসময় ইতিবাচক রাজনীতির পক্ষে অবস্থান রেখেছে। শামীম পাটোয়ারী অভিযোগ করেন, এক মহল একাত্তরের চেতনাকে বিকৃত করার চেষ্টা করছে। তিনি বলেন, “২৪ মানে একাত্তরের পরাজয় নয়, ধারাবাহিকতা মাত্র। যারা একাত্তরকে ধারণ করবে, তারা ২৪-কেও লালন করবে।”

তিনি গত এক বছরে বিচার বিভাগের স্বাধীন কাজের অভাব, মব সন্ত্রাস এবং মিথ্যা ও সাজানো মামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাবেক এমপি গোলাম কিবরিয়াকে বারবার জামিনের পর জেলগেটে আটক করা হয়েছে।

শেষে তিনি নির্বাচন কমিশনকে প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনের আগ পর্যন্ত প্রার্থী ও সমর্থকদের বিনা পরোয়ানায় গ্রেফতার না করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সবুর আসুদ ও সাইফ উদ্দিন আহমেদ মিলনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন