বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রনেতা জুয়েল সেখের গ্রেফতারের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ সরকারি কলেজের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের প্রথম সারির ছাত্রনেতা মো. জুয়েল সেখের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী, জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ রায়হান বিজয়, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনাল আহমেদ ইদুল, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য মোছা. মনি, সরকারি কলেজের শিক্ষার্থী আরমিনা ইসলামসহ জুয়েল সেখের পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, মো. জুয়েল সেখ একজন মেধাবী ও সাহসী ছাত্রনেতা। জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল দৃঢ় ও প্রতিবাদী। তাকে রাজনৈতিকভাবে দমন করতেই পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র, ন্যায়বিচার ও ছাত্ররাজনীতির স্বাভাবিক বিকাশের জন্য মারাত্মক হুমকি।
তারা আরও বলেন, একজন ছাত্রনেতাকে এভাবে গ্রেফতার করা শুধু ব্যক্তিগত আঘাত নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়ের ওপর সরাসরি হস্তক্ষেপ। অবিলম্বে জুয়েল সেখের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
শেয়ার করুন