বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৪ আসনের বিএনপি প্রার্থী শোকজ

নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :

সোমবার (১৫ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়। ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়। রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সৌদি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে নেতাকর্মীরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় ধানের শীষ প্রতীক ও বিএনপি প্রার্থীর সমর্থনে নানা স্লোগান দেওয়া হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। জানা গেছে, ওই ভিডিওটি বিএনপি প্রার্থী নিজেও তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। পরে স্থানীয়দের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনার প্রস্তুতি নিলেও তার আগেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

পরবর্তীতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নির্দেশনায় সংশ্লিষ্ট প্রার্থীকে শোকজ নোটিশ প্রদান করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের তারিখের আগের তিন সপ্তাহের পূর্বে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ অনুমোদন ছাড়াই নির্বাচনী উদ্দেশ্যে মিছিল ও শোডাউন আয়োজন করা হয়েছে, যা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও বলা হয়, যেহেতু ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব যশোর-৪ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, সেহেতু তার বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার বলেন,
“প্রার্থী নিজে উপস্থিত না থাকলেও তার পক্ষে নেতাকর্মীরা শোডাউন করেছেন, যা নির্বাচনী আচরণবিধির আওতায় অপরাধ। শোকজের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন,
“আমরা শোকজের জবাব জমা দিয়েছি। হাটবারের দিনে নেতাকর্মীরা অনিচ্ছাকৃতভাবে মিছিল করেছে। বিষয়টি মানবিক বিবেচনায় দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।”

শেয়ার করুন