আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনটি ‘অবিস্মরণীয়’ করে রাখতে চায় দল। তার জন্য এরমধ্যে বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র পাশে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে। যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে গুলশানের ৯০ নম্বর সড়কে ১০/সির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা ‘আমার ভাবনায় বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
টানা ১৮ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান। তার আগমণ উপলক্ষে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এদিন ঢাকার হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে সংবর্ধনা জানাবেন নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ আমাদের নেতার অপেক্ষায় রয়েছে। সেদিন দলের সর্বস্তরের নেতাকর্মী সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে সংবর্ধনা জানাবেন। সেই প্রস্তুতির কাজ চলছে।
গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমানকে কীভাবে সংবর্ধনা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে এ বাড়িটি বরাদ্দ দেয়।





