সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় হামলা, আহত ৩০

নরসিংদী-২ (পলাশ) আসনের সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী সভা শেষে সন্ধ্যা প্রায় ৬টার দিকে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রাত সাড়ে ৮টায় নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মাওলানা আমজাদ হোসাইন জানান, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সভায় বাধা দিচ্ছিলেন। তার বক্তব্য চলাকালে তারা স্টেজের পেছনে গিয়ে গালাগালও করেছিল। স্থানীয় লোকজন হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে গেলেও, সভা শেষে ফেরার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় জড়িতদের মধ্যে আছেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন।

জেলা জামায়াত দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। হামলার প্রতিবাদে রাত ৯টায় পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা একটি বিক্ষোভ মিছিলও বের করেন।

শেয়ার করুন