সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ চিকিৎসকের সদস্যপদ পুনর্বহাল করল বিএনপি 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাতিল হওয়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট চিকিৎসকের সদস্যপদ পুনর্বহাল করেছে বিএনপি।

বুধবার (৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামানের বিএনপি ও ড্যাবসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের পদে সংশ্লিষ্টতা বাতিল করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “আজ এই সংশ্লিষ্টতা না থাকার ঘোষণা প্রত্যাহার করা হলো। তারা এখন থেকে ড্যাবসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেকোনো পর্যায়ের পদে পুনরায় অংশগ্রহণ করতে পারবেন।”

এর আগে, ২৯ জুলাই এই আট চিকিৎসককে অব্যহতি দেওয়া হয়েছিল। ড্যাব ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলপন্থি চিকিৎসকদের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন