বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচনের ঠিক আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে দুটি নতুন আইন পাস করার উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে সরকার ‘সংশোধিত পুলিশ কমিশন আইন’ এবং ‘এনজিও সংক্রান্ত আইন’ পাসের প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে সরকারের প্রতি আহ্বান জানান, যাতে এই ধরনের আইন পাস করার তৎপরতা থেকে বিরত থাকে।
মির্জা ফখরুল বলেন, “জনগণের ম্যান্ডেট ছাড়া গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।”
বিএনপি মহাসচিবের মন্তব্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বা নীতিমালা সংক্রান্ত আইন পরবর্তী নির্বাচিত সংসদে আলোচনার মাধ্যমে প্রণয়ন করা উচিত। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, তড়িঘড়ি করে আইন পাস করা নয়।
ফখরুলের আহ্বান, “সরকারকে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে, যাতে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে কোনো বিঘ্ন না ঘটে।”





