মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদ স্বাক্ষরে শর্ত, সংস্কার ও গণভোট’-নাহিদ ইসলাম

অপু দাস, রাজশাহী প্রতিনিধি :
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘নোট অব ডিসেন্ট’ বাতিল এবং সংবিধান সংস্কার বিষয়ে ঐক্যমত কমিশনের সুপারিশ লিপিবদ্ধ করার শর্তে জুলাই সনদে স্বাক্ষর করতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কোনো ধরনের ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। সংবিধান সংস্কারের বিষয়ে ঐক্যমত কমিশনের সিদ্ধান্তগুলো গণভোটের মাধ্যমে অনুমোদিত হতে হবে, এবং জনগণের রায় অনুযায়ী সংবিধানে পরিবর্তন আনা হবে। গণভোটে অনুমোদিত বিষয়গুলো জুলাই গণঅভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাস্তবায়ন করতে হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “যদি এসব বিষয় সরকার নিশ্চিত করে, তাহলে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর করবে।” তিনি পরিষ্কারভাবে জানান, সংস্কারের বিপক্ষে থাকা বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি কোনো জোটে যাবে না। আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে বলেও দাবি জানান তিনি।
নির্বাচন কমিশনকে ‘স্বেচ্ছাচারী’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, “শাপলা প্রতীক না দেওয়া কমিশনের একতরফা সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে এই প্রতীক পুনরুদ্ধার করতে হলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।”
তিনি অভিযোগ করেন, “নির্বাচনকে ঘিরে ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র করছে এবং এনসিপির কার্যক্রম ব্যাহত করতে প্রতীক দেওয়া হচ্ছে না।” এর আগে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ ও ভারতের আধিপত্যবিরোধী রাজনীতিতে বিএনপি ও জামায়াত বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না। চাঁদাবাজি বন্ধেও তারা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে।”
তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে এনসিপি একটি শক্তিশালী দল হিসেবে অংশ নিতে চায়। এককভাবে কোনো দল সংসদ গঠন করলে তা টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি। পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজশাহী বিভাগের আট জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন এবং মহানগর ও জেলা পর্যায়ের নয়টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।
শেয়ার করুন