সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারের নির্দেশ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর (শনিবার) রাত ১১টা ১০ মিনিটের দিকে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত নির্বাচন ভবনের সামনে স্থাপিত ভাস্কর্যের নিকটে ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনার পর থেকে ভবনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিস সময়ের পর এবং সরকারি ছুটির দিনে ভবনের আশপাশে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এই প্রেক্ষাপটে কমিশন নির্বাচন ভবনের চারপাশের ব্যবসায়িক কার্যক্রম সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ভবনের সামনে ও আশপাশে পুলিশের টহল বৃদ্ধি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে কমিশন।

চিঠিতে আরও বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ার করুন