বাংলাদেশে নতুন আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির নাম বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)। দলের চেয়ারম্যান মো. জাকির হোসেন, যিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিইউপির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহাসচিব মো. আমিনুল ইসলাম ও ট্রেজারার আব্দুল কাদের ভূঁইয়া।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অতিথির সংখ্যা ছিল ৬০ থেকে ৭০, যার মধ্যে গণমাধ্যমকর্মী ২৫ জন।
দলের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, দলের লক্ষ্য হলো:
-
দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া
-
জনগণের অধিকার সংরক্ষণ
-
অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা
-
আইনের শাসন নিশ্চিত করা
-
আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা
জাকির হোসেন আরও বলেন, দেশের অন্তত ২০টি জেলা ও শতাধিক উপজেলায় দলের কমিটি রয়েছে। তিনি জানান, ‘এই অনুষ্ঠানে প্রায় ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বাকিরা নিজ এলাকায় অবস্থান করছেন, সবাইকে ঢাকায় আনার কোনো প্রয়োজনীয়তা দেখি না, এতে শুধু যানজট বাড়ে।’
আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা জানান, দলের রাজনৈতিক কার্যালয় রাজধানীর শেওড়াপাড়া-তে অবস্থান করছে। তবে এখনও কোনো গঠনতন্ত্র তৈরি হয়নি। নির্বাচনের জন্য ‘রকেট’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করা হয়েছে।
যদিও দল এখনো নিবন্ধিত নয়, তবুও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিইউপির নেতা-কর্মীরা অংশ নেবেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশে এ পর্যন্ত দুই ডজনের বেশি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। সর্বশেষ এই তালিকায় বাংলাদেশের নতুন দল বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)-ও যুক্ত হলো।





